সামাজিক দূরত্ব না শারীরিক দূরত্ব ?
যখন থেকে করোনা নামের উপদ্রব আমাদের উপমহাদেশে প্রবেশ করেছে ....একটা কথা সমান্তরাল ভাবে আমাদের জীবনে এসে তার প্রভাব বিস্তার করেছে ...."করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখুন । " মোবাইল এর রিংটোন থেকে খবরের কাগজের হেডলাইন ......সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির অটো প্রচার ....সব জায়গায় সব ক্ষেত্রে এই একই ট্যাগলাইন .....
কিন্তু আদৌ কি ঠিক কথা বলা হচ্ছে ? এই ট্যাগলাইন টা কে ঠিক করেছে ? আমজনতা ? না কোনো প্রথিতযশা চিকিৎসক ? কে বা কারা শিখিয়েছে যে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ?
বলেছেন আমাদের দেশের রাজনীতির মানুষজন ...বিক্রি হয়ে যাওয়া মিডিয়া ...এবং তাঁরা এই ট্যাগলাইন ব্যাবহার করেছেন কারন তাঁরা ইংরাজী social distance কথাটার আক্ষরিক অনুবাদ করে দেশের পাবলিক কে নির্দেশ দিয়ে দিয়েছেন । WHO থেকে social distance মেনে চলার কথা বলা হয়েছে ....ব্যস ....অনুবাদ করো আর বলে দাও ।
কিন্তু আসলে কি সামাজিক দূরত্ব বজায় রাখলে করোনা নির্মূল সম্ভব আদৌ ? কথাটা তো ভুল । আমাদের বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব । সামাজিক ভাবে নৈকট্যই তো এই সময় কাম্য । ইউরোপ আমেরিকার মতো সমাজ আমাদের উপমহাদেশে নেই ....আমাদের সামাজিক বন্ধন একদম অন্য ধরনের । আমরা ছোটবেলা থেকে আত্মীয় স্বজন বন্ধু পরিজন প্রতিবেশী এবং সর্বোপরি পরিবার দ্বারা পরিবেষ্টিত এক সমাজজীবনে অভ্যস্ত । এই সামাজিক সংস্কৃতি আমাদের হাজার হাজার বছরের উত্তরাধিকার ।
আজ সেই উত্তরাধিকার কে আমরা অস্বীকার করছি বলেই এতো অবসাদ ...এতো ডিপ্রেশন ...এতো আত্মহত্যা ....এতো হিংসা ...এতো রিপুর আতিশয্য । আজ জনপ্রিয় বলিউড নায়কের আত্মহনন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসলে আমরা ক্রমশ একা থেকে আরো একা হওয়ার পথে এগিয়ে যাচ্ছি ।
তাহলে আমরা কি করবো ? মেনে চলবো নাকি মানব না সামাজিক দূরত্বের এই ফতোয়া ? আরো বিছিন্ন হয়ে যাবো সমাজ সংসার পরিবার বন্ধু স্বজন থেকে ? শরীরের দূরত্ব বজায় রাখলে এবং কিছু পরিচ্ছন্নতা জনিত স্বাস্থ্যবিধি মেনে চললে অনায়াসেই হারিয়ে দেওয়া যায় এই মারণ ভাইরাস কে । সেটাই মেনে চলি না আপাতত ।
জগৎ সংসারের সবার সাথে হাত মেলাতে হবে না ...কোলাকুলি ও করতে হবে না ...শুধু মনের দিক থেকে পাশের মানুষের কাছে থাকতে হবে । কাছের প্রিয়জন যেন সর্বদা এটা অনুভব করে যে সে একা নয় ...তার পাশে কেউ না কেউ আছে ।
তাই দূরত্ব হোক শারীরিক ....সামাজিক নয় । আমাদের সমাজজীবন যে ঘনিষ্ঠতা দাবী করে ...সেটাই বজায় রেখে চলি ....
শুভ রাত্রি ।
Comments
Post a Comment